শনিবার, ২৮ মে, ২০১১

বাংলা ব্লগ: স্বপ্নের এক নতুন পৃথিবী

'ব্লগ' শব্দটার সাথে এখন কমবেশি সকলেই পরিচিত। বিশেষ করে কম্পিউটার-ইন্টারনেটের জগতে যাদের বিচরণ। যারা লেখালেখির সাথে জড়িত ব্লগ তাদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ। এই সুযোগে কলম আর কাগজের ব্যবহার কিছুটা হলেও কমে গেছে। লেখালেখি ছাড়াও ব্লগে অনেকেই আড্ডা দিতে আসেন, পড়তে আসেন, জানাতে আসেন নিজের অনুভূতি । ব্লগের এক একটি ঠিকানা ব্লগারদের নিজের বাড়ির মতোই। তাই নতুন অথিতিকে তারা সাদর সম্ভাষণ জানান এভাবে- 'আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম!' অথবা কাউকে আমন্ত্রণ জানান এভাবে- 'একবার সময় করে আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসবেন।' তাহলে ভেবে দেখুন ব্লগ আমাদের জীবনে কিভাবে জড়িয়ে পড়েছে।

ব্লগ জিনিসটা কি?
'ব্লগ' শব্দটি মূলতঃ 'ওয়েবলগ' শব্দের সংক্ষিপ্ত রূপ। এটা এক ধরনের ওয়েবসাইট যেখানে লেখক-পাঠকের মধ্যে মতবিনিময় করা সম্ভব। অনেকেই ব্লগকে ওয়েব জার্নাল বা ডায়েরী বলে থাকেন। কেউ কেউ নিজের ওয়েব সাইট তৈরির পরিবর্তে ব্লগ তৈরি করে থাকেন কারণ এটা সহজেই আপডেট করা যায়। ব্লগে আপনি লেখার পাশাপাশি ভিডিও এবং ছবিও আপলোড করতে পারবেন খুব সহজে। ডায়েরী লেখার মতোই নিজের একান্ত ভাবনাগুলো লিখে রাখতে পারবেন। শেয়ার করতে পারবেন অন্যদের সাথে। অন্য কারো লেখা পড়তে পারবেন। জানাতে পারবেন ভাল-লাগা মন্দ লাগা। গড়ে তুলতে পারবেন কথোপকথন কিংবা বিতর্ক । সাধারণ জগতে যেখানে আপনার একটি লেখা পড়ার পর ইচ্ছে করে লেখককে ধন্যবাদ দিতে কিন্তু আপনি কোন যোগাযোগের মাধ্যম না থাকায় ধন্যবাদ জানাতে পারেন না সেখানে ব্লগে আপনি পড়া মাত্রই মন্তব্য করতে পারবেন। লেখকও আপনাকে মন্তব্যের জবাব দিবেন। ভাবতেই অবাক লাগে তাই না? আপনি যদি একজন লেখক হয়ে থাকেন তাহলে আপনার লেখাটি পোস্ট করার সাথে সাথেই শত শত পাঠকের সামনে চলে যাবে। অথচ পত্রিকার পাতায় সেটা ছাপানোর জন্য আপনাকে কত ঝামেলাই না পোহাতে হয়! আর সেটা ছাপা হলেও কত জন পাঠক আপনার লেখাটি পড়েছে তা আপনার জানা হয় না। কিন্তু ব্লগে আপনি সেই পরিসংখ্যানও পাবেন। আপনি নতুন লেখক হলে অভিজ্ঞ লেখকদের পরামর্শও পেতে পারেন। যদি আপনি কোন কমিউনিটি ব্লগে লেখালেখি করেন তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সেখানে আপনার একটি নিজস্ব অবস্থান তৈরি করতে পারবেন। কিছুদিন লেখালেখি বন্ধ কিংবা ব্লগে আপনার উপস্থিতি কমে গেলে দেখবেন কিভাবে সবাই আপনাকে মিস করবে! অথচ অধিকাংশই সেখানে পরস্পর পরস্পরের সাথে অপরিচিত! অনেকেই ব্লগ লিখতে গিয়ে ছদ্ম নাম ব্যবহার করেন। আপনি কোন ছদ্মনাম ব্যবহার করলে ব্লগবাসী আপনাকে সেই নামেই চিনবে। সবমিলিয়ে এটা সম্পূর্ণরূপে অন্য এক জগত! বেতার-টিভি কিংবা সংবাদপত্রে দর্শক-শ্রোতারা তাদের কোন প্রতিক্রিয়া বা প্রতবিাদ জানাতে সরাসরি ওই মাধ্যমটিকে ব্যবহার করতে পারে না। তাদের চিঠি লিখতে হয় কিংবা স্ব-শরীরে হাজিরা দিয়ে বলতে হয়। অথচ ব্লগে তা সরাসরি প্রকাশ করা যায়।

জানা যায় ১৯৯৪-৯৫ সালের দিকে 'ওয়েবলগ' বা ব্লগের সূচনা হয় সর্ব প্রথম। এ সময় ব্লগকে 'অনলাইন ডায়েরী' হিসেবে অভিহিত করা হতো। ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। ব্লগ একটি স্বতন্ত্র ওয়েবসাইট হতে পারে আবার অন্য ব্লগ প্রোভাইডার বা ব্লগ সেবাদানকারী ওয়েবসাইটের একটি স্বাধীন পেজ বা অংশও হতে পারে।

বাংলা ব্লগের কার্যক্রম
বাংলা ভাষায় ব্লগিং শুরু হয় সামহোয়্যার ইন ব্লগ দিয়ে। বাংলা ভাষা-ভাষী অনলাইন ব্যবহারকারীদের কাছে ব্লগ আলাদা গুরুত্ব পায়। দেশে অবস্থানকারী ব্লগারদের পাশাপাশি প্রবাসী বাঙালিরা ব্লগে সময় কাটান। লিখেন, পড়েন এবং মন্তব্য করেন তারাও। বিদেশে বাঙালিদের চারপাশে যখন অপরিচিত ভাষার সমাহার তখন বাংলা ব্লগে তারা খুঁজে পান নিজের একান্ত আপন ঠিকানা। ব্লগে ঢোকার সাথে সাথে তাদের মনে হয় যেন বাংলাদেশেই পা রাখলেন এই মাত্র। নানা কর্মব্যস্ততার মধ্যেও তারা তাই ব্লগে সময় দিয়ে থাকেন। বর্তমানে বাংলা ভাষায় যে সমস্ত কমিউনিটি ব্লগ চালু আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো (জনপ্রিয়তার বিচারে নয়, বর্ণমালা অনুসারে সাজালাম) : আইটেক বাংলা, আমার বন্ধু, আমার ঠিকানা, আমাদের কথা, আমাদের প্রযুক্তি, আমার ব্লগ, আমার বর্ণমালা, আড্ডা ব্লগ, ওপেস্ট, একুশে ব্লগ, এসিএম সলভার, কফি হাউজের আড্ডা, ক্যাডেট কলেজ ব্লগ, গণিত পাঠাশালা.কম, চতুর্মাত্রিক, জীবনযাত্রা, টেকটিউনস, টেকনোলজি টুডে ব্লগ, ত্রিভুজ নেটওয়ার্ক, নাগরিক ব্লগ, নৃ.ওরগ, নীলঞ্চল বাংলা ব্লগ, পিস ইন ইসলাম, প্রজন্ম ফোরাম, প্রথম আলো ব্লগ, বকলম, বাঁধ ভাঙ্গার আওয়াজ, বাংলা দুনিয়া, বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞানী, বিবর্তন বাংলা, বিডিটিউটোরিয়াল ২৪, বিডিনিউজ২৪বাংলা ব্লগ, বিসর্গ, বলতে চাই স্বপ্নের কথা, মুক্তব্লগ, মুক্তমনা বাংলা ব্লগ, মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ, রংমহল, লোটাকম্বল, শব্দনীড়, সচলায়তন.কম, সবুজের কলতান ব্লগ, সদালাপ, সাহিত্য.কম, সোনার বাংলাদেশ ব্লগ প্রভৃতি।

কিভাবে ব্লগ লিখবেন?
ব্লগে লিখতে হলে আপনার তেমন কিছুই করতে হবে না। শুধু দরকার একটি কম্পিউটার ও ইন্টারনেট কানেকশন। অনলাইনে বাংলা লেখার জন্য দরকার হবে ইউনিকোড সফ্টোয়্যারের। তারপর আপনি যে ব্লগে লিখতে চান সেই ব্লগ সাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি উক্ত ব্লগের একজন সদস্য হওয়ার পর থেকেই লেখালেখি আরম্ভ করতে পারবেন। ব্লগে রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি সক্রিয় ইমেইল এড্রেস থাকতে হবে। আপনি যে ব্লগে লিখতে চান উক্ত ব্লগ সাইটের হোম পেজে 'রেজিস্ট্রেশন' বা 'নিবন্ধন' বাটনে ক্লিক করলেই একটি ফর্ম আসবে। উক্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করার পর ব্লগ কর্তৃপক্ষ আপনার ইমেইলে একটি 'এক্টিভ্যাশন লিংক' পাঠাবে। উক্ত লিংকে ক্লিক করেই আপনি আপনার ব্লগীয় জীবন শুরু করতে পারবেন। 'ব্লগার' হিসেবে আত্মপ্রকাশ করার পর আপনি ব্যক্তিগত অনুভূতি থেকে শুরু করে রাজনৈতিক মতামত, সাহিত্য, চিত্রকলা সবকিছুই প্রকাশ করতে পারবেন। ব্লগিং করার জন্য আপনাকে দেওয়া হবে আনলিমিটেড স্পেইস। আপনি আপনার সব ধরনের কার্যক্রমই ব্লগারদের সাথে শেয়ার করতে পারবেন। তবে প্রায় সকল ব্লগেই তাদের নিজেদের দৃষ্টিভঙ্গির আলোকে নীতিমালা তৈরি করেছে। আপনি সেই নীতিমালা লঙ্ঘন করলে আপনাকে সাময়িক বা স্থায়ীভাবে ব্যান করা হতে পারে কিংবা কেবল আপনার পোস্টটি মুছে দেওয়া হতে পারে। প্রায় সকল ব্লগেই 'সঞ্চালক' বা মডারেটর রয়েছেন এসব দেখাশোনার জন্য।

ব্লগ এবং অন্যান্য স্যোসাল নেটওয়ার্কিং সাইট:
ফেইস বুক, টুইটার, মাইস্পেস, অর্কুট, সাইট টক প্রভৃতি সামাজিক যোগাযোগের ওয়েব সাইটের মতো ব্লগসাইট গুলোরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। ব্লগাররা প্রতিনিয়ত কথোপকথন করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সমাজ ও রাস্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরছেন তাদের লেখনীর মাধ্যমে। ফেসবুক বা টুইটারের মতো তাই বাংলা ব্লগও হয়ে উঠেছে তারুণ্যের প্রিয় ঠিকানা। বার্তা আদান প্রদানের ব্যবস্থা রয়েছে ব্লগে, চ্যাট করার সুবিধাও হয়তো চলে আসবে অচিরেই।

শেষ কথা:
মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার চাইতে ব্লগ পরিচালনায় খরচ অনেক কম। তাই নতুন নতুন ব্লগ সাইট জন্ম নিচ্ছে প্রতিদিন। লেখক সাহিত্যিকেরাও ধীরে ধীরে এই মাধ্যমে নিয়মিত হয়ে যাচ্ছেন সকলেই। তাই বাংলা ব্লগের জনপ্রিয়তাও বাড়ছে দিন দিন। তাহলে আর দেরি কেন? যদি আপনি এখনও এই জগতের বাসিন্দা না হয়ে থাকেন, এখনই শুরু করে দিন আপনার ব্লগীয় জীবন। গড়ে তুলুন আপনার স্বপ্নের নতুন পৃথিবী।

1 টি মন্তব্য:

  1. http://mdabusufian.blogspot.com এখানে আপনি পাবেন ইন্টারনেট, মোবাইল, সফটওয়ার, হার্ডওয়ার সংক্রান্ত অনেক প্রয়োজনীয় টিপস। আরো পাবেন বিভিন্ন সফটওয়ার এর কিজেন একদম ফ্রি। এ ছাড়াও পাবেন অনলাইনে আয়ের খবর ও পদ্ধতি।
    http://mdabusufian.blogspot.com Here you can find a lot of technology tips, free software, key and system of online earning.

    উত্তরমুছুন